বৈভবের উত্থানে মুগ্ধ বিসিসিআই, পাশে থাকার আশ্বাস

১৫ বছর বয়সেই আইপিএল কাঁপিয়ে দেওয়া বৈভব সূর্যবংশীকে নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারের জাতীয় দলে অভিষেক নিয়ে আলোচনা চললেও বিসিসিআই সরাসরি কোনো সময়সীমা দেয়নি। তবে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বৈভবকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে যা যা দরকার, বিসিসিআই তা করবে।
আইপিএল ২০২৬ ছিল বৈভবের জন্য রেকর্ডময় এক আসর। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ জিতে ইতিহাস গড়েছেন বিহারের এই ব্যাটার। রাজস্থান রয়্যালসের হয়ে পুরো মৌসুমে করেছেন ৭৭৬ রান, স্ট্রাইক রেট ২৩৭.৩০।
এর আগে আইপিএলে সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জয়ের রেকর্ড ছিল গুজরাট টাইটান্স ওপেনার সাই সুদর্শনের। ২০২৫ সালে ২৩ বছর ২৩১ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। ২০২৩ সালে শুভমান গিল রেকর্ড গড়েছিলেন ২৩ বছর ২৬৩ দিন বয়সে। সেই দুই রেকর্ডই অনেক বড় ব্যবধানে পেছনে ফেলেছেন বৈভব।
আইপিএল ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বৈভবের প্রশংসা করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, বৈভব অসাধারণ প্রতিভা এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বিসিসিআই তাকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে পৌঁছে দিতে সব ধরনের সহায়তা করবে।
সাইকিয়া বলেন, ‘বৈভব সূর্যবংশী দারুণ একজন উঠতি খেলোয়াড়। তার ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিতে বিসিসিআই সব করবে।’
বৈভবের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুধু রানসংখ্যায় আটকে নেই। অল্প বয়সেই পাওয়ারপ্লেতে ভয়ডরহীন ব্যাটিং, অবিশ্বাস্য স্ট্রাইক রেট এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের বড় নাম হিসেবে সামনে এনেছে।
তবে জাতীয় দলে অভিষেক নিয়ে বিসিসিআই এখনই তাড়াহুড়া করতে চাইছে না, এমন ইঙ্গিতই মিলছে বোর্ড সচিবের কথায়। সরাসরি দলে নেওয়ার ঘোষণা না দিয়ে বৈভবকে ধাপে ধাপে প্রস্তুত করার দিকেই গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।
এদিকে আইপিএল ২০২৬ ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাটিং করে গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে। ওয়াশিংটন সুন্দর ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন। বেঙ্গালুরুর হয়ে রাসিখ দার সালাম নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউড নেন দুটি করে উইকেট।
জবাবে বিরাট কোহলির অপরাজিত ৭৫ রানের ইনিংসে দুই ওভার হাতে রেখেই জয় পায় বেঙ্গালুরু। ৪২ বলের ইনিংসে কোহলি মারেন ৯টি চার ও ৩টি ছক্কা। ভেঙ্কটেশ আইয়ার ১৬ বলে ৩২ রান করে ভালো শুরু এনে দেন।


