কলকাতায় ৩ রণতরি উদ্বোধন করলেন মোদি

কলকাতার গার্ডেনরিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক রণতরি ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জিআরএসই) নির্মিত এই রণতরিগুলো উদ্বোধনের পর রোববার (২১ জুন) ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আন্দামানের উদ্দেশে রওনা দেবে আইএনএস দুনাগিরি এবং আইএনএস অগ্রয়।
রোববার আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজিত এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌ-সেনা সক্ষম না হলে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর ও সুরক্ষিত। বাংলা থেকেই আজ আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের কার্যক্রম চলছে।’
তিনি আরও বলেন, ‘ভারত এখন নির্মাতা হতে চায়; দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন সে বিশ্বের নির্ণায়ক হবে। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস, আর আজ এই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজের সূচনা হলো।’
গত শুক্রবার ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই তিন রণতরি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এগুলোর ডিজাইন করেছে তাদের ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’। রণতরিগুলোর নির্মাণসামগ্রীর ৭৫ শতাংশেরও বেশি স্বদেশি। এই নির্মাণযজ্ঞে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ ভারতীয় শিল্প খাতের ব্যাপক অংশগ্রহণ ছিল, যা উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি-সাবমেরিন কার্যক্রমে একযোগে অংশ নেবে।
রণতরি তিনটির মধ্যে আইএনএস দুনাগিরি হলো প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি, যা মিসাইল বহনে সক্ষম। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেটটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিখুঁতভাবে নিক্ষেপ করা সম্ভব।
অন্যদিকে আইএনএস সংশোধক হলো ভারতের চতুর্থ বৃহত্তম জরিপ (সার্ভে) জাহাজ। হালকা ওজনের টর্পেডো ও রকেট লঞ্চারসমৃদ্ধ এই জাহাজটি উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
তৃতীয় রণতরি আইএনএস অগ্রয় হলো আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি-সাবমেরিন রণতরি। সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করার জন্য এতে রয়েছে অত্যাধুনিক সার্ভে সিস্টেম। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার জন্য এই জাহাজটি টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সুসজ্জিত।







