ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে মুশফিক ও তাইজুল

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজের পুরস্কার পেলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। আইসিসির হালনাগাদ টেস্ট র্যাংকিংয়ে দুজনই উঠে গেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।
ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে জায়গা করে নিয়েছেন মুশফিক। প্রায় দুই দশকের টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা র্যাংকিং। এর আগে এই সংস্করণে তার সর্বোচ্চ অবস্থান ছিল ১৭তম। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২৫৩ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বোলারদের র্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছেন তাইজুলও। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। ৭৩২ রেটিং পয়েন্টও তার ক্যারিয়ারের সেরা। এর আগে টেস্ট বোলারদের তালিকায় তাইজুলের সর্বোচ্চ অবস্থান ছিল ১৩তম।
বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও উন্নতি করেছেন র্যাংকিংয়ে। সিরিজে এক সেঞ্চুরিসহ ২৩৯ রান করা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ২৪ নম্বরে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন। প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও সিলেটে বড় ইনিংস খেলতে না পারায় ৭ ধাপ নেমে তিনি এখন ৩০তম।
বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানারও। মিরাজ দুই ধাপ এগিয়ে আছেন ২৫ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে গতির ঝড় তোলা নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন তাইজুল। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৯ নম্বরে। সিলেট টেস্টে বল হাতে সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন বাঁহাতি এই স্পিনার।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। বোলারদের তালিকার এক নম্বর ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা।







