শেষ টি-টোয়েন্টিতেও নেই লিটন

এশিয়া পোস্ট স্পোর্টস
শেষ টি-টোয়েন্টিতেও নেই লিটন
লিটন দাস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না লিটন কুমার দাস। বাঁ পায়ের কাফ স্ট্রেইন থেকে এখনো যথেষ্ট সেরে উঠতে না পারায় তাকে শেষ ম্যাচের জন্য বিবেচনায় রাখা হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

বিসিবির মিডিয়া বিভাগ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটনের পুনর্বাসনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। সে কারণে ২১ জুন চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তিনি থাকছেন না।

গত ১৪ জুন বাঁ পায়ের কাফে গ্রেড ১+ স্ট্রেইনে পড়েন বাংলাদেশ অধিনায়ক। সেই চোটের কারণেই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। শুরুতে আশা ছিল, সিরিজের শেষ দিকে তাকে পাওয়া যেতে পারে। তবে শেষ পর্যন্ত সেটিও সম্ভব হচ্ছে না।

লিটনের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। ব্যাটিং অর্ডারের অভিজ্ঞ মুখ হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়কও তিনি। তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তাওহিদ হৃদয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি এরই মধ্যে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ রানে হেরে যায়। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সম্মান বাঁচানোর লড়াই। সিরিজ হার নিশ্চিত হলেও ঘরের মাঠে ধবলধোলাই এড়াতে চাইবে স্বাগতিকরা। তবে সেই ম্যাচেও লিটনকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।