মহেশ বাবু-রাজামৌলির লক্ষ্য এবার বিশ্ববাজার

দক্ষিণী সিনেমার আবেদন অন্যরকম। বলিউড ছাপিয়ে এখন বিশ্ববাজারে দক্ষিণী সিনেমার জয়জয়কার। সাউথের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু হাত দিয়েছেন বিশাল এক বাজেটের সিনেমায়। ‘আরআরআর’ পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে জুটি বেঁধে এই সুপারস্টার আনছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘বারাণসী’। অ্যাডভেঞ্চার এপিক এই সিনেমাটিকে রাজামৌলি ও মহেশ বাবু দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন।
বলিউড ও হলিউড মাতানো ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মহেশ বাবুর অ্যাকশন দেখতে সিনেমাপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তির কথা থাকলেও, এখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চর্চা আকাশছোঁয়া। শুধু প্রিয়াঙ্কাই নন, এতে মহেশ বাবুর সঙ্গে মুখোমুখি হবেন আরেক মহাতারকা পৃথ্বিরাজ সুকুমারণ।
মুক্তির আগেই সিনেমাটির ডিজিটাল ও ওটিটি স্বত্ব নিয়ে শুরু হয়েছে টানাটানি। ‘বারাণসী’ নির্মাণব্যয় হাজার কোটি ছাড়াবে বলে শোনা যাচ্ছে। তবে এর বেশিরভাগ লগ্নি নির্মাতারা আগেই তুলে আনতে পারবেন বলে জানা যায়। এ জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর কাছে বিশাল অঙ্কের টাকা দাবি করছেন নির্মাতারা। মোটা অঙ্কের এই বাজেটের কারণেই নাকি চুক্তি সম্পন্ন হতে কিছুটা বেশি সময় লাগছে।
তবে সিনেমা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, রাজামৌলি কেবল ওটিটি চুক্তি নিয়ে পড়ে থাকার মানুষ নন। নিখুঁত পরিকল্পনা ও দুর্দান্ত বিপণন কৌশলের জন্য পরিচিত এই পরিচালক তার পুরো টিম নিয়ে এই অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসিকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু ভারতেই সীমাবদ্ধ না রেখে ‘বারাণসী’কে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
বর্তমান বাজারে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যে কোনো সিনেমার ডিজিটাল স্বত্ব কেনার আগে তার বাজারমূল্য, তারকাখ্যাতি ও বাজেট নিখুঁতভাবে বিশ্লেষণ করে। ফলে অনেক বড় বাজেটের ছবিও সহজে ওটিটি চুক্তি করতে হিমশিম খাচ্ছে। তবে ‘বারাণসী’র ক্ষেত্রে বিষয়টি আলাদা। ‘বাহুবলি’ ও ‘আরআরআর’ খ্যাত রাজামৌলির নামটাই বিশ্বজুড়ে দর্শক ও পরিবেশকদের সিনেমা হলে টানার জন্য যথেষ্ট। সঙ্গে আছে মহেশ বাবু ও প্রিয়াঙ্কার রসায়ন এবং পৃথ্বিরাজের অনবদ্য অভিনয়শৈলী।
সিনেমাটির বাজেট নিয়ে ইন্টারনেটে নানা অঙ্ক ঘুরে বেড়ালেও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে বাজেট যা-ই হোক না কেন, ভক্তদের বিশ্বাস—রাজামৌলি ও মহেশ বাবুর এই রাজকীয় জুটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করবে।
বাজেট যা-ই হোক, দিনশেষে একটি সিনেমার সাফল্যের চাবিকাঠি গল্পের ওপরই নির্ভর করে। ‘বারাণসী’ যদি দর্শকদের একটি জাদুকরী ও আকর্ষণীয় গল্প উপহার দিতে পারে, তবে এটি ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা ব্লকবাস্টার হতে চলেছে।







