‘আলফা’ ট্রেলারে অ্যাকশন ঝড়, বড় চমক হৃতিক রোশন

এশিয়া পোস্ট বিনোদন
‘আলফা’ ট্রেলারে অ্যাকশন ঝড়, বড় চমক হৃতিক রোশন
‘আলফা’র ট্রেলার প্রকাশের পর রীতিমতো শোরগোল পড়ে গেছে সিনেপাড়ায়। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যশরাজ ফিল্মসের স্পাই অ্যাকশন থ্রিলার ‘আলফা’র ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে একটি কথা শোনা যায়—‘সীতা আজ একাই লঙ্কা দহন করতে এসেছে।’ সেই সীতাই হলো বলিউড তারকা আলিয়া ভাট। যেখানে তাকে দেখা গেছে এক দুর্ধর্ষ সিক্রেট এজেন্টের ভূমিকায়। ট্রেলার প্রকাশের পরপরই রীতিমতো শোরগোল পড়ে গেছে সিনেপাড়ায়। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথম নারীকেন্দ্রিক সিনেমাটি নিয়ে চলছে জোর আলোচনা। আড়াই মিনিটের ট্রেলারে আলিয়া ভাট বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ ও হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে তিনি নজর কেড়েছেন।

Advertisement

‘আলফা’র ট্রেলারে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যায় এক জোড়া চোখ। সাদা চোখেই বলে দেবে—এটি আর কারও নয়, চোখ জোড়া বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের। এতে দর্শকের মধ্যে উন্মাদনার পারদ আরও তুঙ্গে ওঠে।

ট্রেলারের শুরুতে আলিয়ার শৈশব এবং পরবর্তী সময়ে তার একজন দক্ষ গুপ্তচর হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। এখানে তার প্রশিক্ষকের ভূমিকায় দেখা যায় ববি দেওলকে। ধুন্ধুমার অ্যাকশন দেখে আলিয়া ভাট ফিরিয়ে এনেছেন হলিউডের ‘হার্ট অব স্টোন’-এর স্মৃতি। ট্রেলার প্রকাশের পর রণবীরপত্নীর অভিনয় ও অ্যাকশন দক্ষতার প্রশংসা করছেন দর্শক ও সমালোচকরা।

যশরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমায় আলিয়াকে কোনো ‘অসহায় নারী’ নয়; বরং একজন প্রশিক্ষিত ও খুনে মেজাজের ঘাতক হিসেবে দেখা গেছে। টিজারে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির দৃশ্যে কাঁপন ধরিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল ‘লর্ড ববি’ ওরফে ববি দেওলের এন্ট্রি। সিনেমাটিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি, যা তাদের মধ্যকার এক জটিল ও আবেগঘন সম্পর্কের ইঙ্গিত দেয়।

ট্রেলারের অন্যতম আলোচিত দিক হয়ে ওঠে বিভিন্ন পৌরাণিক ইঙ্গিতপূর্ণ সংলাপ। এতে আলিয়ার পাশাপাশি নজর কেড়েছেন শর্বরী ওয়াঘ ও অনিল কাপুর। তবে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন হৃতিক রোশন, যা স্পাই ইউনিভার্সের ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়েছে।

যশরাজের ট্রেন্ড অনুযায়ী, ‘পাঠান’, ‘টাইগার’ বা ‘ওয়ার’—প্রতিটি সিনেমাতেই নিজস্ব গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য চরিত্রগুলোকে ক্যামিও অবতারে সারপ্রাইজ হিসেবে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে প্রথমে ‘আলফা’য় শাহরুখ বা সালমানকে দেখার আশায় ছিলেন দর্শকরা। কিন্তু ট্রেলারের একদম শেষে এসে বাজিমাত করলেন হৃতিক রোশন। নজর কেড়েছে আলিয়ার সঙ্গী শর্বরী ওয়াঘের উপস্থিতি। ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’য় তুখোড় অ্যাকশন অবতারে রীতিমতো তাক লাগিয়েছেন আলিয়া ও শর্বরী।

‘টাইগার’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ফ্র্যাঞ্চাইজির পর এবার আলিয়ার হাত ধরে গুপ্তচর ব্রহ্মাণ্ডে নারী চরিত্রের অ্যাকশন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। আগামী ৩ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে নেকড়ের মেয়ে আলিয়া ভাটের ‘আলফা’।