গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, ১৭১ সেনাসদস্য মোতায়েন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে সক্রিয় অবস্থানে দেখা গেছে।
সোমবার (২২ জুন) বিকেলে যশোর সেনানিবাস থেকে মেজর এ কে এম মাসুদ রানার নেতৃত্বে ২ জন কর্মকর্তা ও ১৬৯ জন সদস্যসহ ১৭১ জন সদস্য গোপালগঞ্জে মোতায়েন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা গোপালগঞ্জে পৌঁছে সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন।
এদিকে গত কয়েক দিন ধরেই জেলা পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও বিভিন্ন কৌশলগত স্থানে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গোপালগঞ্জ জেলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজের জেলা হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সম্ভাব্য কর্মসূচি কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।







