ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে দলটির ও অঙ্গ-সংগঠনের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নেতা-কর্মীদের বহন করা দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

Advertisement

সোমবার (২২ জুন) সকালে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে সকালে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার নেতারা হলেন, মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডির সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত হতে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি-সংবলিত ৮টি গেঞ্জি ও ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।

এ ছাড়া তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী।