রাজশাহীতে ১৪০০ ভরি স্বর্ণ-রূপা ও ২৫ লাখ টাকা ডাকাতি

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রাজশাহীতে ১৪০০ ভরি স্বর্ণ-রূপা ও ২৫ লাখ টাকা ডাকাতি
ডাকাতির শিকার দোকান এলাকায় মানুষের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার দুটি জুয়েলার্স দোকানে ডাকাতির খবর পাওয়া গেছে। দোকান মালিক ও ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, ডাকাতদল ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা ও ২৫ লাখ টাকা নিয়ে গেছে। মালামাল উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Advertisement

শনিবার (২০ জুন) নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাকাতির শিকার আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্স নামে দোকান দুটি সাহেববাজার এলাকার আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি অবস্থিত।

ব্যবসায়ীদের ধারণা, ডাকাত দল প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে দুটি শোরুমের সংযুক্ত দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে শোরুমে থাকা স্বর্ণালংকার, রূপা ও নগদ অর্থ নিয়ে যায়। আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল না থাকায় সেখান থেকে কিছু তারা নিতে পারেনি।

মালিকপক্ষ জানায়, প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি (রূপা) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করেছে ডাকাত দল। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরেনসিক টিম আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে বাজুস রাজশাহী জেলার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, প্রাথমিক হিসাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি (রূপা) ও ২০ লাখ টাকা লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিষয় :রাজশাহী