
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ও চরকাঁকড়া ইউনিয়নে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আবদুল হালিমের নতুন বাড়ি ও চরকাঁকড়া ৩নং ওয়ার্ডের নুরুজ্জামান পন্ডিত বাড়িতে ডাকাতি হয়।
বসুরহাটে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মাসুদের পরিবার জানায়, দরজার তালা ভেঙে ৮-১০ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তারা দুই ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
চরকাঁকড়ার ভুক্তভোগী নাঈম জানান, রাত ১টার দিকে ডাকাতদল তাদের ঘরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।




