শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে পড়ল ১৭ লাখ টাকা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে পড়ল ১৭ লাখ টাকা
হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনা করেন খাদেমরা। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের জন্য রাখা ডেগ ও জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্সে চার দিনে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং সাত আনা স্বর্ণালঙ্কার জমা পড়েছে। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে গণনা কার্যক্রম পরিচালনা করা হয়। চার ঘণ্টাব্যাপী গণনায় ৩০-৪০ জন যুবক অংশ নেন এবং দুটি টাকা গোনার মেশিন ও একজন স্বর্নকারের সহযোগিতা নেওয়া হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। গণনা শেষে উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের মোট টাকার পরিমাণ জানান জেলা ওয়াকফ অফিসার সজল মিয়া।

মাজার সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতির বাইরে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।

এর আগে সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে গত চার দিনে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়।

জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারে উপস্থিত হয়ে এসব কার্যক্রমের তদারকি করেন। এর আগে প্রশাসনের উদ্যোগে সিলগালা করা ডেগগুলো খুলে দেওয়া হয় এবং নতুনভাবে স্থাপন করা দানবাক্সগুলো খুলে হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয় এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।

বিষয় :সিলেট