শাহজালাল (রহ.) মাজারের সিলগালা দানের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
শাহজালাল (রহ.) মাজারের সিলগালা দানের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনা করছেন খাদেমরা। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে গত পাঁচ দিনে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা কার্যক্রম চলছে।

Advertisement

জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারে উপস্থিত হয়ে এসব কার্যক্রমের তদারকি করেন। এর আগে প্রশাসনের উদ্যোগে সিলগালা করা ডেগগুলো খুলে দেওয়া হয় এবং নতুনভাবে স্থাপন করা দানবাক্সগুলো খুলে হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয় এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সারওয়ার আলম। বিশেষ করে মাজারের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারে তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স বসানো হয়। জেলা প্রশাসন জানায়, দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় :সিলেট