কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

কুষ্টিয়া শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
রোববার (২১ জুন) ভোরে শহরের হাউজিং নিশান মোড় এলাকার একটি নির্জন রাস্তায় এই মিছিলটি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর অভির নেতৃত্বে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। এ সময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনার তীব্র সমালোচনা করে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এভাবে প্রকাশ্য ঝটিকা মিছিল করা প্রশাসনের দুর্বলতারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ভোরে একটি নির্জন রাস্তায় তারা এই মিছিলটি বের করে। আমরা রাজনৈতিকভাবে সজাগ আছি। আমরা আশা করি, পুলিশ প্রশাসন এ বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।







