‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
গাজীপুর নগরের বাসন কলম্বিয়া এলাকায় যুবলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা।

Advertisement

রোববার (২১ জুন) সকালে মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, আজকে সকালেই ওই মিছিলটি করেছে বলে তথ্য পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

বিষয় :গাজীপুর