নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের করা বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করেছেন। গত ১৮ জুন সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে ওই বক্তব্য দেন তিনি।
একই সঙ্গে মামুনুল হকের কথিত পরকীয়া সম্পর্ক নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের করা মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন তিনি।
রোববার (২১ জুন) বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হলে তিনি এ তথ্য জানান।
স্পিকার বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের কথিত পরকীয়া সম্পর্কে দু-একটি মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত। যে ব্যক্তির সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে কারণেই আবু আশফাকের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি।’
স্পিকার আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে আমারও একটি বক্তব্য, সেখানে উল্লেখ করেছিলাম, কোনো ব্যক্তির “জীবনের অন্ধকার অধ্যায়” সম্পর্কে, সেটাও এক্সপাঞ্জ করা হলো।’
সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে বাজেট বক্তৃতা বা অন্য কোনো বিতর্কে অংশ নেওয়ার সময় সবাই সতর্ক থাকবেন। যে ব্যক্তি উপস্থিত নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না।
এর আগে বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে আশফাক বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল আমি জানি না।’
একপর্যায়ে স্পিকার বলেন, ‘মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। তা ছাড়া তিনি এখনো এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেননি। কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায় এখানে আলোচিত হোক, তা আমি চাই না।’







