আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র্যাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২১ জুন) মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার প্রসঙ্গে করা এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাবের এই অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মাউরা সোহেলকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। তার দেওয়া তথ্যমতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও দু’জনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।
এ ছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র্যাব-২ এর পক্ষ থেকে।







