তিন বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

সারা দেশে তিন বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ থেকে আগামীকাল সোমবার (২২ জুন) সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২১ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি লেখেন, রোববার (২১ জুন) প্রায় সারাদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার উপজেলাগুলোর ওপরে ভারী থেকে অতিভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
তিনি আরও লেখেন, আজ রোববার থেকে আগামীকাল সোমবার (২২ জুন) সন্ধ্যার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর ওপরে ভারী থেকে অতিভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
এ ছাড়া শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে আজ রাতে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
সবশেষ তিনি লেখেন, রবি ও সোমবার ভারতের মেঘালয় রাজ্যের ওপরে ভারী থেকে অতিভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ফলে শেরপুর, নেত্রকোণা সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রাম করতে পারে।







