logo
Advertisement

বাংলাদেশে ফিরতে হাকিমপুর সীমান্তে ১৫০ জনের অপেক্ষা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকলকাতা
বাংলাদেশে ফিরতে হাকিমপুর সীমান্তে ১৫০ জনের অপেক্ষা
আজ মঙ্গলবারেও সীমান্তে এসেছেন আরও দেড় শ জন। ছবি : এশিয়া পোস্ট

গত এক সপ্তাহে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য ভারতের হাকিমপুর সীমান্তে ভিড় করেছে সব মিলিয়ে ৯০০ জন কথিত বাংলাদেশি। মঙ্গলবারেও (২ জুন) সীমান্তে এসেছেন আরও ১৫০ জন। সব মিলিয়ে হোল্ডিং সেন্টারে আটক রয়েছে আর মাত্র ৩৫০ জন।

সীমান্তে বসানো বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বায়োমেট্রিক সংগ্রহ করার ক্যাম্পের হিসাবে এসব তথ্য উঠে এসেছে।

আটকে পড়া এসব বিদেশি নাগরিক অকপটেই স্বীকার করছেন তারা বাংলাদেশ থেকে কবে এসেছেন বা বাংলাদেশে তাদের বাড়িঘর কোথায়। ভারতেই বা তারা কী করতেন, সেটাও গণমাধ্যমে বলার পাশাপাশি বিএসএফের ডেটা এন্ট্রি লিস্টেও নথিভুক্ত করছেন।

অপেক্ষমাণ এসব নাগরিক অফিসিয়াল প্রসেসে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র তুলে দিচ্ছেন বিএসএফের হাতে, যাতে সেই নথি পৌঁছে যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পর্যন্ত।

এদিকে বিজিবি এখন পর্যন্ত সীমান্তে জমায়েত হওয়া এসব বাংলাদেশিকে নিজ দেশে প্রবেশের বিষয়টি স্বীকার না করলেও ভারতের হোল্ডিং সেন্টারগুলোতে চাপ কমতে শুরু করেছে। শুধু হাকিমপুর নয়, মুর্শিদাবাদ হোল্ডিং সেন্টারের ১২ জন, মালদা হোল্ডিং সেন্টারের ১৫ জন এমনকি নদীয়া হোল্ডিং সেন্টারের ১ জন রয়েছেন।

প্রত্যেককেই নির্দিষ্ট চ্যানেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি করেছে বিএসএফের নির্ভরযোগ্য সূত্র।

হোল্ডিং সেন্টারে থাকা শিশু, নারী ও পুরুষদের সব রকম স্বাস্থ্যপরিসেবা, খাওয়া-দাওয়া, এমনকি নিরাপত্তার ব্যাপারও দেখছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে ফেরার আগে যাতে কোনো অসুবিধা না হয়, প্রশাসনিকভাবে তার সব রকম দেখা হচ্ছে বলে জানায় সূত্র।