logo
Advertisement

অভিষেকে বিশ্বরেকর্ড ছুঁয়ে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন হারমান

অভিষেকে বিশ্বরেকর্ড ছুঁয়ে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন হারমান
অভিষেকেই বিশ্বরেকর্ড ছুঁয়েছেন হারমান। ছবি: নামিবিয়া ক্রিকেট

আর একটি রান পেলেই রেকর্ডটা একার হয়ে যেত। জর্ডান হারমান সেই রান পাননি, তবে ওয়ানডে অভিষেকেই ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন। তার ব্যাটে পাওয়া বড় সংগ্রহের পর বোলারদের দাপটে নামিবিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার উইন্ডহোকে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে ৯৯ রানে জিতেছে প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান করে সফরকারীরা। বৃষ্টির কারণে নামিবিয়ার সংশোধিত লক্ষ্য দাঁড়ায় ৩১ ওভারে ২৬২ রান। স্বাগতিকেরা থামে ৮ উইকেটে ১৬২ রানে।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের কেন্দ্রবিন্দুতে ছিলেন হারমান। ১২৬ বলে ১৭ চার ও ৩ ছক্কায় সাজান ১৫০ রানের ইনিংস। এতে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডে স্বদেশি ম্যাথু ব্রিটজকির পাশে বসেছেন তিনি। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ব্রিটজকিও করেছিলেন ১৫০ রান।

শুরুটা অবশ্য খুব স্বচ্ছন্দ ছিল না দক্ষিণ আফ্রিকার। দলীয় ২৭ রানে কনর এস্টারহুইজেন ফিরে গেলে টনি ডি জর্জিকে নিয়ে ইনিংস গড়ে তোলেন হারমান। দ্বিতীয় উইকেটে দুজনের ১৯০ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ডি জর্জি করেন ৮৪ বলে ৭২ রান।

ডেওয়াল্ড ব্রেভিস যোগ করেন ২৮ বলে ৩৩। শেষ দিকে করবিন বশের ২৪ বলে অপরাজিত ৩৯ রানে সাড়ে তিন শর কাছাকাছি পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলমান ৬৮ রানে নেন ৪ উইকেট।

রান তাড়ায় শুরু থেকেই প্রয়োজনীয় গতির সঙ্গে তাল মেলাতে পারেনি নামিবিয়া। ২১.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে ওভার ও লক্ষ্য কমলেও চাপ সামলাতে পারেনি স্বাগতিকেরা। মালান ক্রুগার ৬০ বলে ৩৪ এবং জেজে স্মিট ২০ বলে ৩১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল প্রেনেলান সুব্রায়েন। ছয় ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই অফ স্পিনার। ম্যাচ শেষে অধিনায়ক বিয়র্ন ফরটুইন বলেন, ‘জর্ডান অসাধারণ একটি ইনিংস খেলেছে, সুব্রায়েনও উইকেট নিয়েছে।’

এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পরের দুই ওয়ানডে শুক্রবার ও রোববার।