logo
Advertisement

পাকিস্তান কোচের আনুগত্য নিয়েই প্রশ্ন তুললেন রশিদ লতিফ

পাকিস্তান কোচের আনুগত্য নিয়েই প্রশ্ন তুললেন রশিদ লতিফ
পাকিস্তান কোচ মাইক হেসন (বাঁয়ে) ও সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ (ডানে)।

মাঠের ব্যর্থতার মধ্যে নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট। এবার দলের কোচ মাইক হেসনের আনুগত্য নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। নিউজিল্যান্ডের এই কোচের অতীত আইপিএল-যোগসূত্র সামনে এনে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

ব্রডকাস্টার ড. নওমান নিয়াজের সঙ্গে এক ভিডিও আলাপে বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে তাদের অতীত ও বিভিন্ন যোগাযোগ খতিয়ে দেখার কথা বলেন লতিফ। পাকিস্তানের সাবেক কোচ বব উলমার ও জিওফ লসনের উদাহরণ টেনে তিনি জানান, তাদের পাকিস্তানের প্রতি দায়বদ্ধতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি।

এরপর আইপিএলে কাজ করা কোচদের প্রসঙ্গ তুলে লতিফ বলেন, ‘যে কোচ আইপিএলে কাজ করে এসেছে, তাকে নিয়ে সব সময়ই কিছুটা সন্দেহ থাকবে। আমি বলছি না যে সে অনুগত নয়। তবে তার অতীত এবং যোগাযোগগুলো যাচাই করা উচিত।’

আলোচনায় আরও এক ধাপ এগিয়ে ‘এজেন্ট’ প্রসঙ্গও টেনে আনেন পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।

তিনি বলেন, ‘যে সরাসরি আইপিএল কিংবা সেখানকার মানুষের সঙ্গে যুক্ত, কেউ চাইলে তাকে ব্যবহার করতে পারে। এভাবেই এজেন্ট তৈরি হয়।’

লতিফ অবশ্য নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি। নওমান নিয়াজ আলোচনার মধ্যে সরাসরি মাইক হেসনের নাম তুললে সাবেক অধিনায়ক বলেন, ‘আমি তো কারও নাম নিইনি।’

হেসনের আইপিএল-যোগসূত্র অবশ্য অজানা নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালনা বিভাগে কয়েক বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পরে পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ হন নিউজিল্যান্ডের সাবেক এই কোচ।

ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দলের বিপর্যয়ের মধ্যেই হেসনের দায়িত্ব আরও বেড়েছে। প্রথম দুই টেস্টে বড় হারের পর সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়া হলে তৃতীয় টেস্টে সাময়িকভাবে লাল বলের দলের দায়িত্বও দেওয়া হয় তাঁকে।

তবে কোচ বদলালেও মাঠের চিত্র খুব একটা পাল্টায়নি। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতা, দলবদল এবং কোচিং স্টাফে পরিবর্তন নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সেই পরিস্থিতিতে হেসনের আইপিএল অতীত টেনে লতিফের এই মন্তব্য নতুন বিতর্ক যোগ করেছে পাকিস্তান ক্রিকেটে।