logo
Advertisement

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন সিরাজউদ্দীন আলমগীর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন সিরাজউদ্দীন আলমগীর
সিরাজউদ্দীন আলমগীর। ছবি: সংগৃহীত

৭ জুনের নির্বাচনি আনুষ্ঠানিকতার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া একরকম নিশ্চিত হয়ে গেল চট্টগ্রামের বরেণ্য ক্রীড়া সংগঠক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের। ক্যাটাগরি ৩ থেকে ৪২ কাউন্সিলরের মধ্যে মনোনয়নপত্র কিনেছেন কেবল তিনিই।

বিসিবিতে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন প্রতিনিধি অবশ্য নামটি প্রকাশ করেননি। কেননা তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের ব্যাপার রয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল যেবার নির্বাচিত সভাপতি হলেন সেবার শেষ মুহূর্তে ভোটের লড়াই থেকে সরে গিয়েছিলেন সিরাজউদ্দীন আলমগীর। পরে সাবেক ম্যাচ রেফারি দেবব্রত পালকে হারিয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক হন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সিরাজউদ্দিন আলমগীর
সিরাজউদ্দিন আলমগীর

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪২ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। কিন্তু মনোনয়ন ফরম অন্য কেউ না কেনায় সব ঠিক থাকলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নতুন করে পরিচালক হচ্ছেন পরীক্ষিত সাবেক বোর্ড পরিচালক।

এশিয়া পোস্টকে মোবাইল ফোনে সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের যে ড্যামেজ হয়েছে এতদিন সেটি রিপেয়ার করার দিকে, ফোকাস করার দিকে মনোযোগ থাকবে। অভিজ্ঞতা দিয়ে তামিম ইকবালের হাতকে শক্ত করতে চাই। পাশাপাশি অবকাঠামোগত দিক থেকে অন্য উচ্চতায় যাওয়ার জন্য সবাই মিলে যাতে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে সবাই মিলে আমরা কাজ করব।’