logo
Advertisement

১৬৯তম টেস্টে দুই কিংবদন্তিকে পেছনে ফেললেন রুট

১৬৯তম টেস্টে দুই কিংবদন্তিকে পেছনে ফেললেন রুট
জো রুট। ছবি: রয়টার্স

ব্যাট হাতে নামার আগেই দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে পেছনে ফেললেন জো রুট। বুধবার এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক। রিকি পন্টিং ও স্টিভ ওয়াহকে ছাড়ানোর পর তার সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি রুটের ক্যারিয়ারের ১৬৯তম টেস্ট। এর আগে ১৬৮ ম্যাচ নিয়ে পন্টিং ও ওয়াহর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। এজবাস্টনে খেলতে নেমে সেই সমতা ভাঙলেন রুট।

তালিকার শীর্ষে থাকা শচীন খেলেছেন ২০০ টেস্ট। ক্রিকেট ইতিহাসে এই মাইলফলকে পৌঁছানো একমাত্র খেলোয়াড় তিনিই। দ্বিতীয় স্থানে আছেন ১৮৮ টেস্ট খেলা অ্যান্ডারসন, যিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

অ্যান্ডারসনকে ছুঁতে রুটের প্রয়োজন আরও ১৯ টেস্ট। আর শচীনের বিশ্বরেকর্ডের সমান হতে খেলতে হবে আরও ৩১ ম্যাচ, ছাড়াতে ৩২টি। ফলে এক ধাপ এগোলেও শীর্ষে পৌঁছানোর পথটা এখনো বেশ দীর্ঘ।

রানের হিসাবেও শচীনকে তাড়া করছেন রুট। টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই ব্যাটারের সামনে আছেন শুধু ভারতীয় কিংবদন্তি। এজবাস্টন টেস্ট শুরুর আগে রুটের সংগ্রহ ছিল ১৪ হাজার ২০৮ রান। তাঁর নামের পাশে ছিল ৪১টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটি।

সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন যারা

 ক্রিকেটার দেশ টেস্ট
 শচীন টেন্ডুলকার ভারত ২০০
 জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড ১৮৮
 জো রুট ইংল্যান্ড ১৬৯
 রিকি পন্টিং অস্ট্রেলিয়া ১৬৮
 স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া ১৬৮