logo
Advertisement

আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে অস্বস্তিতে বিসিসিআই

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে অস্বস্তিতে বিসিসিআই

আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত সঙ্গীদের দলীয় পরিবেশে উপস্থিতি নিয়ে নতুন নীতিমালা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি আইপিএলে কয়েকজন ক্রিকেটারকে তাদের কথিত বান্ধবীদের সঙ্গে দলীয় বাস ও টিম হোটেলে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বিসিসিআই।

হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান ও অর্শদীপ সিংদের মতো কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাদের নারী সঙ্গীদের উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইপিএল ও ভারতীয় দলের সফরের জন্য আলাদা নির্দেশিকা তৈরি করতে চায় বোর্ড।

বিসিসিআইয়ের উদ্বেগের একটি বড় কারণ সামাজিক যোগাযোগমাধ্যম। সংশ্লিষ্টদের কেউ কেউ পরিচিত ইনফ্লুয়েন্সার, আবার কারও বিরুদ্ধে অতীতে বেটিং অ্যাপ প্রচারের অভিযোগও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বোর্ড মনে করছে, দলীয় হোটেল বা যাতায়াতের মতো সংবেদনশীল জায়গায় অননুমোদিত ব্যক্তির উপস্থিতি থাকলে তথ্য ফাঁস কিংবা অনাকাঙ্ক্ষিত বিতর্কের ঝুঁকি তৈরি হতে পারে।

প্রতিবেদনে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এখনই বিষয়টি নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। তার দাবি, এমন ঘটনাও দেখা গেছে যেখানে বান্ধবীদের জন্য দলীয় বাস অপেক্ষা করেছে এবং তারা ক্রিকেটারদের সঙ্গে একই হোটেলে থেকেছেন।

আরেকটি প্রশ্ন উঠেছে অ্যান্টি করাপশন ইউনিট বা এসিইউর ভূমিকা নিয়েও। প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের নারী সঙ্গীদের ‘অফিশিয়াল পার্টনার’ হিসেবে দেখিয়ে তাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিসিসিআই কর্মকর্তার দাবি, বোর্ডের নীতিমালায় ‘অফিশিয়াল গার্লফ্রেন্ড’ বলে কোনো ধারা নেই। নির্দিষ্ট নিয়মের মধ্যে স্ত্রী ও পরিবারের সদস্যদের অনুমতি দেওয়ার বিধান আছে, কিন্তু বান্ধবীদের ক্ষেত্রে এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই।

বিসিসিআই বিষয়টি পরবর্তী বৈঠকে তুলতে পারে। নতুন নির্দেশিকায় দলীয় বাস, টিম হোটেল, ড্রেসিংরুম-সংলগ্ন এলাকা এবং সফরকালীন থাকার নিয়ম আরও পরিষ্কার করা হতে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বেসরকারি মালিকানাধীন হলেও কেন্দ্রীয়ভাবে একটি অভিন্ন নীতি চালু করতে চায় বোর্ড।

এসিইউকেও এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে। বিশেষ করে কোন ব্যক্তি দলীয় পরিবেশে থাকতে পারবেন, কারা টিম হোটেলে প্রবেশের অনুমতি পাবেন এবং ক্রিকেটারদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে কী নিয়ম মানতে হবে, এসব বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিসিসিআই।