logo
Advertisement

গেইলকে ছাড়িয়ে ছক্কার নতুন রাজা বৈভব

গেইলকে ছাড়িয়ে ছক্কার নতুন রাজা বৈভব
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

ক্রিস গেইলের নামের পাশে থাকা আইপিএলের আরেকটি দাপুটে রেকর্ড এবার ভেঙে গেল। সেটিও ভাঙলেন মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তোলা বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের এই ওপেনার খেললেন ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস। সেই ইনিংসেই এক আইপিএল মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে যান এই কিশোর।

২০১২ আইপিএলে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল। এত দিন সেটিই ছিল এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। হায়দরাবাদের বিপক্ষে সাত ছক্কা মেরেই সেই রেকর্ড ছাড়িয়ে যান বৈভব। শেষ পর্যন্ত তাঁর ইনিংস থামে ১২ ছক্কা ও ৫ চারে সাজানো ৯৭ রানে। শতক থেকে মাত্র ৩ রান দূরে থামলেও ততক্ষণে আইপিএলের ইতিহাসে নিজের নাম আরও উঁচুতে তুলে ফেলেছেন এই কিশোর ব্যাটসম্যান।

বৈভবের ইনিংসের শুরুটাই ছিল ঝড়ের মতো। মাত্র ১৬ বলে পূর্ণ করেন ফিফটি, যা আইপিএল নকআউট বা প্লে-অফ ইতিহাসে যৌথভাবে দ্রুততম অর্ধশতক। এর আগে ২০১৪ সালে পাঞ্জাবের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন সুরেশ রায়না। বৈভব এবার সেই রেকর্ডে ভাগ বসালেন।

শুধু তাই নয়, ইনিংসের পাওয়ারপ্লেতেই ছক্কার বন্যা বইয়ে দেন রাজস্থান ওপেনার। প্রথম ছয় ওভারের ভেতরেই আটটি ছক্কা হাঁকান তিনি, যা আইপিএলে পাওয়ারপ্লেতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার নতুন নজির। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে তাই ডাকা হয় ‘ইউনিভার্স বেবি বস’ নামে, গেইলের বিখ্যাত ‘ইউনিভার্স বস’ তকমারই নতুন প্রজন্মের সংস্করণ।

আরও বড় এক রেকর্ডও প্রায় ভেঙে ফেলেছিলেন বৈভব। আইপিএলের দ্রুততম শতকের রেকর্ড এখনো গেইলের দখলে, ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। বৈভব ২৯ বলেই পৌঁছে গিয়েছিলেন ৯৭ রানে, কিন্তু শতকের আগেই ফিরতে হয় তাঁকে।

এই মৌসুমে বৈভবের ব্যাট থেকে এসেছে ৬৮০ রান। শুধু রান নয়, তাঁর ব্যাটিংয়ের ধরনই আলোচনার বড় কারণ হয়ে উঠেছে। বয়স মাত্র ১৫, কিন্তু বল মারার শক্তি, নির্ভীকতা ও ম্যাচের মঞ্চ সামলানোর ক্ষমতা তাঁকে দ্রুতই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মুখ হিসেবে তুলে ধরছে।

ভারতের সিনিয়র দলে তাঁকে দ্রুত নেওয়া হবে কি না, সেই আলোচনাও এখন আরও জোরালো। আগামী মাসে তিলক ভার্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে বৈভবের খেলার কথা। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও তাঁকে বিশেষ প্রতিভা বলেছেন, তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, এত কম বয়সে শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও ঠিকভাবে গড়ে তোলা জরুরি। বস’।