ডিআরএসের কৃতিত্ব নিয়ে সূর্যবংশীকে কিষানের খোঁচা

ব্যাট হাতে আগেই আলোচনায় ভারতের কিশোর তারকা বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ফাইনালে ডিআরএস নিয়েও শিরোনামে ১৫ বছর বয়সী এই ব্যাটার। একের পর এক সফল রিভিউয়ের সঙ্গে তার নাম জড়ানোর পর মজা করে খোঁচা দিয়েছেন তার দল ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষান।
দীর্ঘ ১৩ বছর পর দুলীপ ট্রফির শিরোপা জিতেছে ইস্ট জোন। শিরোপা জয়ের পর কিষান ও সূর্যবংশীর কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করে বিসিসিআই ডমেস্টিক। সেখানেই ডিআরএসের কৃতিত্ব নিয়ে শুরু হয় দুজনের খুনসুটি।
ফাইনালে দুটি সফল রিভিউয়ে ভূমিকা ছিল সূর্যবংশীর। রিকি ভুই ও স্মরণ রবিচন্দ্রনের বিপক্ষে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায় তার পরামর্শে। তবে দেবদত্ত পাডিক্কালের বিপক্ষে একটি রিভিউ সফল হয়নি।
কিষানের মজার অভিযোগ, রিভিউ নেওয়ার সিদ্ধান্তে তারও ভূমিকা ছিল, কিন্তু সব কৃতিত্বই যেন চলে যাচ্ছে সূর্যবংশীর ঝুলিতে।
তিনি বলেন, ‘আমি যখন রিভিউ নিতে যাচ্ছিলাম, ও এসে এমনভাবে বলত যেন সবটাই ও করেছে। তারপর ইন্টারনেটে শুরু হয়ে যেত, “বৈভব, দারুণ!”’
জবাব দিতে দেরি করেননি সূর্যবংশীও। তিনি বলেন, ‘আর আপনি যখন সরে যাচ্ছিলেন, তখন কে রিভিউ নিয়েছিল? সেটাও তো বলা উচিত।’
তরুণ সতীর্থের পাল্টা জবাবে হেসে ফেলেন কিষান। এরপর অবশ্য প্রশংসায় ভাসান সূর্যবংশীকে।
কিষান বলেন, ‘ও শুধু ভালো খেলোয়াড়ই নয়, খুব ভালো একজন ছেলে। দলের সবার খেয়াল রাখে, সে জুনিয়র হোক বা সিনিয়র।’
তারপর আবারও মজা করে যোগ করেন, ‘আসলে এখানে জুনিয়র তো তুমিই। দুঃখিত, দুঃখিত!’
শুধু ডিআরএস নয়, ব্যাট হাতেও ইস্ট জোনের শিরোপা জয়ে অবদান রেখেছেন সূর্যবংশী। ফাইনালে করেন ৩৭ বলে ৪৪ রান, আর সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলেন ৯২ রানের ইনিংস।
সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি সফল ডিআরএস সিদ্ধান্তের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
সূর্যবংশীকে নিয়ে বড় আশাও দেখছেন কিষান। তার বিশ্বাস, সামনে আরও পরিণত ও ভয়ংকর হয়ে উঠবেন এই কিশোর ব্যাটার।


