logo
Advertisement

দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি
তাওহীদ হৃদয়। ছবি: ফেসবুক

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে দুর্দান্ত ব্যাটিংয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করা মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হলেন তিনি।

আর দেশের বাইরে এমন কীর্তি গড়া প্রথম বাংলাদেশিও হৃদয়। তার আগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল। তবে দুজনই কীর্তিটি গড়েছিলেন দেশের মাটিতে।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাবে ব্যাট করতে নেমে আগের দিনই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। দিন শেষ করেছিলেন অপরাজিত থেকে। চতুর্থ দিনেও থামেনি তার ব্যাট। ধৈর্য আর দারুণ নিয়ন্ত্রণে ইনিংস বড় করতে করতে শেষ পর্যন্ত পৌঁছে যান তিনশ রানের মাইলফলকে।

এর আগে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল ২০০৭ সালে। ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান।

১৩ বছর পর ২০২০ সালে সেই রেকর্ড ভাঙেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রান করেন তিনি। সেটিই এখনো কোনো বাংলাদেশির প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এবার সেই ছোট্ট তালিকায় জায়গা করে নিলেন হৃদয়। রকিবুল ও তামিমের পর বাংলাদেশের তৃতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তিনশ রান করার অনন্য রেকর্ডটিও নিজের করে নিলেন তিনি।

ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটসম্যান

 ব্যাটসম্যানরানভেন্যু প্রতিপক্ষ সাল
রকিবুল হাসান৩১৩*ফতুল্লাসিলেট বিভাগ২০০৭
তামিম ইকবাল৩৩৪*মিরপুরমধ্যাঞ্চল ২০২০
তাওহীদ হৃদয়৩০০*পচেফস্ট্রুমদক্ষিণ আফ্রিকা ‘এ’২০২৬