logo
Advertisement

ওলটপালটের পরও একই দশা পাকিস্তানের, এবার অলআউট ১৩৩ রানে

ওলটপালটের পরও একই দশা পাকিস্তানের, এবার অলআউট ১৩৩ রানে
মাত্র ৭ রানে আউট হন বাবর আজম। ছবি: এএফপি

দলে ব্যাপক পরিবর্তন এনেও ব্যাটিংয়ের দুর্দশা কাটল না পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল। আগেই সিরিজ হারানো পাকিস্তানের শেষ টেস্টটিও শুরু হলো ব্যর্থতার পরিচিত ছবি দিয়ে।

বুধবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে সময় নেননি পেসাররা। মাত্র ৩৩.৫ ওভারেই গুটিয়ে দেন সফরকারীদের।

শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। সাইম আইয়ুব রানের খাতা খুলতে পারেননি। আজান আওয়াইস ৯, আবদুল্লাহ শফিক ৩ ও শান মাসুদ ৫ রান করে ফিরলে ২৬ রানেই চার উইকেট হারায় দল। অধিনায়ক বাবরও পারেননি বিপর্যয় সামাল দিতে। জশ টংয়ের বলে বোল্ড হওয়ার আগে ১৮ বলে করেন মাত্র ৭ রান।

একমাত্র সৌদ শাকিলই কিছুটা প্রতিরোধ গড়েন। সাত চারে ৪৭ বলে ৪৩ রান করেন এই বাঁহাতি। তবে তাকেও বোল্ড করেন টং। শাকিলের বিদায়ে ১০৭ রানে নবম উইকেট হারায় পাকিস্তান।

শেষ উইকেটে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী যোগ করেন ২৬ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করা আব্বাসকে ফিরিয়ে ইনিংসের সমাপ্তি টানেন জফরা আর্চার। ইংল্যান্ডের হয়ে টং চারটি এবং অলি রবিনসন ও আর্চার তিনটি করে উইকেট নেন।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ২-০ ব্যবধানে। হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে পাকিস্তান হেরেছিল ১৯৪ রানে। ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে নেমে এবারও শুরুতেই চাপে পড়ল সফরকারীরা।