মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলু মিয়া ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


