মাইক্রোবাসের ধাক্কায় পিকআপের নিচে পড়ে মোটরসাইকেলচালক নিহত

পাবনা সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১২ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। আহত জুলফিকার আলী একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, জুলফিকার ও সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে সুজানগর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। তারাবাড়িয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ছিটকে সড়কে পড়ে দ্রুতগামী একটি পিকআপভ্যানের চাপায় তাৎক্ষণিক মৃত্যু হয় সাজ্জাদের। আহত অবস্থায় জুলফিকারকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পরিবার আইনি ব্যবস্থা নিতে ইচ্ছুক না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।


