logo
Advertisement

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচট্টগ্রাম
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, সড়ক অবরোধ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

বন্যাকবলিত এলাকাগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বন্যাকবলিত এলাকার বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা কাউকে শিক্ষা বোর্ড কার্যালয়ে প্রবেশ করতে দেননি। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নগরের ২ নম্বর গেট থেকে মুরাদপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ডের সামনে অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানিবন্দি থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আজ রাজপথে নেমেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদেরর অবস্থান। ছবি : এশিয়া পোস্ট
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদেরর অবস্থান। ছবি : এশিয়া পোস্ট

বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো স্থগিত করে নতুন রুটিন দেওয়া এবং শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।