logo
Advertisement

তিন দাবি আদায়ে সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঢাকা কলেজ
তিন দাবি আদায়ে সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীরা
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

চলমান প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণে ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তিন দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে, সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ও পেজে এই আন্দোলন ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবিগুলো হলো— প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা ও বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিন বেলা ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে মূল নেতৃত্ব দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে অংশ নেন ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরীক্ষার্থীরা।