
পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ার (কেপি) বান্নু জেলায় জোড়া বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২০ জুন) জেলার আহমাদজাই থানার ফাং মুসা খেল এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রাদেশিক পুলিশ।
সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, যাত্রীবাহী একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) নিক্ষেপ করা হলে একাধিক হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে বহনকারী গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি বলেন, জোড়া বিস্ফোরণে মোট সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচজন। ঘটনার পর ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘিরে ফেলা হয়েছে। তদন্ত চলমান।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বান্নু জেলায় বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্টের মিডিয়া উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিরীহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন, একইসঙ্গে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের সতর্ক করেছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতের বিরুদ্ধে শাস্তি ও কঠোরতার বিষয়ে তার সরকারের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির কার্যালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, তিনি বিস্ফোরণের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। কেপি মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাদেশিক সরকার নিহতদের পরিবারের শোকের অংশীদার ও শোকসন্তপ্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সোহেল আফ্রিদি বলেন, প্রাদেশিক সরকার এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোকে একা ছেড়ে দেবে না।




