বিকেলের যে ৬ অভ্যাস অজান্তেই বাড়াচ্ছে আপনার ওজন

এশিয়া পোস্ট ডেস্ক
বিকেলের যে ৬ অভ্যাস অজান্তেই বাড়াচ্ছে আপনার ওজন
ছবি : সংগৃহীত

ওজন কমানোর কথা ভাবলেই বেশির ভাগ মানুষ কখন কী খাচ্ছেন বা রাতে কতক্ষণ ঘুমাচ্ছেন, সেদিকে বেশি নজর দেন। কিন্তু অনেকেরই অজানা যে দুপুরের পর থেকে রাতের খাবারের আগের সময়টাও ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

বিকেলের দিকে শরীরে ক্লান্তি, ক্ষুধা বা মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে। এই সময়ের কিছু অভ্যাস বিপাকক্রিয়া বা মেটাবলিজমকে ধীর করে দিতে পারে, রক্তে শর্করার ওঠানামা বাড়াতে পারে এবং অজান্তেই অতিরিক্ত ক্যালোরি গ্রহণের কারণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক এমন ৬টি বিকেলের অভ্যাস সম্পর্কে, যা আপনার ওজন বাড়ার পেছনে ভূমিকা রাখতে পারে নীরবে।

খাবার বাদ দেওয়া

অনেকে মনে করেন দুপুরের খাবার কম খেলে বা বাদ দিলে ক্যালোরি কম গ্রহণ করা হবে। কিন্তু বাস্তবে এর ফল উল্টো হতে পারে। দুপুর ও রাতের খাবারের মধ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে অতিরিক্ত ক্ষুধা তৈরি হয়। ফলে রাতের খাবারে বেশি খাওয়া বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক বাড়তে পারে।

অস্বাস্থ্যকর নাশতা খাওয়া

বিকেলের ক্লান্তি কাটাতে অনেকেই চিপস, বিস্কুট, কেক, চকোলেট বা কোমল পানীয়ের দিকে হাত বাড়ান। এসব খাবারে সাধারণত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা দ্রুত ক্যালোরি বাড়ায় কিন্তু দীর্ঘ সময় পেট ভরা রাখে না।

এর পরিবর্তে ফল, বাদাম, দই বা সবজিভিত্তিক স্বাস্থ্যকর নাশতা বেছে নেওয়া ভালো।

মনোযোগ ছাড়া খাওয়া

টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল স্ক্রল করতে করতে বা কাজের ফাঁকে খাবার খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এভাবে খেলে কতটা খাবার খাওয়া হচ্ছে, তা অনেক সময় বোঝা যায় না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ হয়ে যেতে পারে।

মনে রাখবেন, সচেতনভাবে এবং মনোযোগ দিয়ে খাবার খাওয়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

শরীরচর্চা বা নড়াচড়া এড়িয়ে চলা

বিকেলে দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকলে শরীরের ক্যালোরি পোড়ানোর হার কমে যেতে পারে। এমনকি কয়েক মিনিটের হাঁটাহাঁটি, স্ট্রেচিং বা হালকা ব্যায়ামও শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং শক্তির মাত্রা বাড়ায়।

তরল ক্যালোরি গ্রহণ

বিকেলের ক্লান্তি দূর করতে অনেকেই দুধ-চিনি দিয়ে কফি, সফট ড্রিংকস, এনার্জি ড্রিংক বা অতিরিক্ত চিনি মেশানো শরবত পান করেন। এসব পানীয়তে অনেক ক্যালোরি থাকতে পারে, কিন্তু পুষ্টিগুণ তুলনামূলক কম থাকে। ফলে ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায়।

দীর্ঘ সময় বসে থাকা

দুপুরের খাবারের পর টানা কয়েক ঘণ্টা বসে কাজ করার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় বসে থাকলে শরীরের কিছু গুরুত্বপূর্ণ এনজাইমের কার্যকারিতা কমে যায়, যা চর্বি পোড়ানোর সঙ্গে সম্পর্কিত।

লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, মাঝেমধ্যে উঠে হাঁটা বা কাজের ফাঁকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা উপকারী হতে পারে।


ওজন নিয়ন্ত্রণে বিকেলে কী করবেন?

স্বাস্থ্যকর নাশতার পরিকল্পনা করুন

ক্ষুধা লাগলে যাতে অস্বাস্থ্যকর খাবার না খেতে হয়, সে জন্য আগে থেকেই স্বাস্থ্যকর নাশতা প্রস্তুত রাখুন। মৌসুমি ফল, বাদাম, দই, শসা বা গাজরের টুকরা, ভাজা ছোলা খান ও পর্যাপ্ত পানি পান করুন।

অনেক সময় তৃষ্ণাকে মানুষ ক্ষুধা বলে ভুল করে। তাই বিকেলের সময় নিয়মিত পানি পান করলে অপ্রয়োজনীয় নাশতা খাওয়ার প্রবণতা কমতে পারে।

কিছুটা নড়াচড়া করুন

দীর্ঘ সময় বসে না থেকে ৫ থেকে ১০ মিনিট হাঁটুন, হালকা স্ট্রেচিং করুন ও সিঁড়ি ব্যবহার করুন। এসব ছোট অভ্যাসও দৈনন্দিন ক্যালোরি খরচ বাড়াতে সাহায্য করে।

দুপুরের খাবার এবং রাতের খাবারের মধ্যবর্তী সময়টিকে অনেকেই গুরুত্ব দেন না। অথচ এই সময়ের কিছু ছোট ভুল অভ্যাস ধীরে ধীরে ওজন বাড়ার কারণ হতে পারে। সচেতনভাবে স্বাস্থ্যকর নাশতা বেছে নেওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত নড়াচড়া করা এবং মনোযোগ দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুললে ওজন নিয়ন্ত্রণের পথ অনেক সহজ হতে পারে।

সূত্র: এনডিটিভি