১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

এশিয়া পোস্ট নিউজ
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদেরে সঙ্গে কথা বলেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী ও আগামী তিন বছরের মধ্যে আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

Advertisement

পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে রোববার (২১ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথকেয়ার নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এই নতুন নেটওয়ার্কের আওতায় বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো এবং সেখানকার স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন।

মিডওয়াইফ প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হবে।

দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো যেভাবে আছে, সেভাবেই সচল থাকবে। তবে সেবার পরিধি আরও বাড়াতে এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতেই এই নতুন প্রাইমারি হেলথকেয়ার নেটওয়ার্ক কাজ করবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আমাদের উদ্দেশ্য হলো কোনো মা তার যখন স্বাভাবিক ডেলিভারি হবে, তখন তাকে যেন একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া যায়। যাকে আমরা প্রাইমারি হেলথকেয়ার ইউনিট বলছি। প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট হবে। শহরের প্রত্যেকটা ওয়ার্ডেও একটি করে প্রাইমারি হেলথকেয়র ইউনিট হবে। এই প্রাইমারি হেলথকেয়ার ইউনিটে স্বাভাবিক যে ডেলিভারিগুলো, সেগুলো এখানেই হবে। প্রতিটি প্রাইমারি হেলথকেয়ার ইউনিটে অন্তত দুজন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবেন।