শাহরুখ সালমান আমিরের বিশ্বকাপে পছন্দের দল

এশিয়া পোস্ট বিনোদন
শাহরুখ সালমান আমিরের বিশ্বকাপে পছন্দের দল
শাহরুখ ও সালমান খোলাসা না করলেও আমিরের প্রিয় দল আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ কোটি কোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাসের নাম। ভৌগোলিক ও ভাষাগত সীমানা পেরিয়ে ফুটবল পুরো বিশ্বকে একটি মঞ্চে নিয়ে আসে। প্রিয় দলের জয় বা হার ভক্তদের মনে তৈরি করে আনন্দ ও বিষাদের এক অদ্ভুত অনুভূতি। বলিউডের পর্দা দাপিয়ে বেড়ানো তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান বরাবরই খেলাধুলার প্রতি দুর্বল। অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের গভীর ভালোবাসার কথা সবারই জানা। বিশেষ করে বিশ্ব ফুটবল নিয়ে তাদের পছন্দ ভক্তদের মধ্যেও বেশ কৌতূহল তৈরি করে।

Advertisement

বলিউড বাদশা শাহরুখ খান সরাসরি খেলাধুলার সঙ্গে জড়িত। আইপিএলে তার নিজস্ব দলই রয়েছে। প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বড় ভক্ত হলেও আন্তর্জাতিক ফুটবলও সময় পেলেই উপভোগ করেন। শাহরুখ খান নিজেকে আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা ও লিওনেল মেসির বড় ভক্ত হিসেবে বেশ কয়েকবার গণমাধ্যমকে জানান। তবে এবারের বিশ্বকাপ ফুটবলে বলিউড বাদশা কোন দেশের সমর্থক, সেটা স্পষ্টভাবে জানা যায়নি। ম্যারাডোনা-মেসির অনুরাগী হিসেবে শাহরুখকে আলবিসেলেস্তেদের একজন সমর্থক বলেই মনে করেন তার ভক্তরা।

শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু বলিউড ভাইজান সালমান খান ইংলিশ ক্লাব আর্সেনালের একনিষ্ঠ সমর্থক। ফুটবলের প্রতি সালমানের আগ্রহ দীর্ঘদিনের। ইন্ডিয়ান ফুটবলে কয়েকবার দল কেনার নিলামেও অংশ নেন। ক্লাব ফুটবলে পছন্দের দল থাকলেও বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের প্রতি সমর্থন দেখাননি তিনি। তবে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে তিনি আলাদাভাবে পছন্দ করেন। রোনালদো-মেসির খেলারও ভক্ত বড়পর্দার এই সুপারস্টার।

শাহরুখ ও সালমান সরাসরি নিজের পছন্দের দলের কথা না বললেও মিস্টার পারফেকশনিস্ট আমির খান আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সমর্থক বলে জানান। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি মাঠে থেকে উপভোগ করেন আমির খান। এবারের বিশ্বকাপে আমির খানের প্রত্যাশা, মেসি ও তার দল আবারও জিতুক শিরোপা।

বলিউডে দীর্ঘ সময় ধরে অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই তিন খান। পর্দার বাইরে বাস্তব জীবনেও তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বকাপ ফুটবলে তাদের পছন্দের ভিন্নতা ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।