হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

প্রথম ম্যাচের হতাশাজনক ড্রয়ের পর অবশেষে স্বরূপে ফিরল ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। আজ সকালে প্রতিপক্ষ হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা। ভিনিসিয়াস-কুনিয়াদের এমন চেনা দাপটে যেখানে বিশ্বজুড়ে বইছে আনন্দের জোয়ার, সেখানে সেই জোয়ারে গা ভাসাতে ভুললেন না ঢাকাই শোবিজের তারকারাও।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা মানেই শোবিজ তারকাদের মাঝে প্রিয় দল নিয়ে তুমুল মাতামাতি। সকাল সকাল ঘুম থেকে উঠে টিভির পর্দার সামনে বসে পড়া আর প্রিয় দলের জয়ে মেতে ওঠা যেন এক অলিখিত নিয়ম। অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও এর ব্যতিক্রম নন। কট্টর ব্রাজিল সমর্থক এই অভিনেত্রী দলের এমন দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।
খেলা শেষ হতেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ব্রাজিল ও হাইতির একটি ম্যাচ স্লাইডের ছবি শেয়ার করে ভিনিসিয়াস-কুনিয়াদের অভিনন্দন জানান হিমি। কিন্তু হিমির এই আনন্দের পোস্টে খোঁচা দেন সহ-অভিনেতা ও জনপ্রিয় তারকা নিলয় আলমগীর।
পর্দার মতো বাস্তব জীবনেও এই দুই তারকার খুনসুটি বেশ পরিচিত। আর নিলয় নিজে একজন কট্টর আর্জেন্টিনা তথা লিওনেল মেসি ভক্ত। চিরপ্রতিদ্বন্দ্বী দলের ভক্ত হিমিকে খোঁচা দিয়ে অভিনেত্রীর পোস্টের নিচে কমেন্ট বক্সে রসিকতা করে নিলয় লিখে, ‘হাইতিরপুল একাদশের সাথে বিজয়ে শুভেচ্ছা!’
নিলয়ের এই মন্তব্য করা মাত্রই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার এই কমেন্টে এক হাজারেরও বেশি 'হাহা' (হাসির) রিয়াকশন পড়েছে।






