বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং আগামী দিনে এই খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে ব্যাপক গবেষণা ও উদ্ভাবনের ওপর সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি তৈরি পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজনের আহ্বান জানিয়েছেন।

Advertisement

শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাত হচ্ছে রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি। এই খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত, যার বড় অংশই নারী।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের জন্য এখনও অন্যের ওপর নির্ভর করতে হয়। চীন, ভিয়েতনামের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই নির্ভরতা কমিয়ে গবেষণার মাধ্যমে নতুন পথ খুঁজতে হবে।

ডিজিটাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এআই আমাদের পোশাক খাতের কর্মসংস্থান কেড়ে নেবে না। বরং এটি পণ্যের গুণগতমান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন তৈরি ও বৈশ্বিক বিপণনে সহায়তা করবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবেশ দূষণ রোধে সিনথেটিকের পরিবর্তে পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে মিলন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

বুটেক্সের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০৬ সালে কলেজ থেকে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আজ এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সফল উদ্যোক্তা ও শিল্পপতি হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। উপাচার্যের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়নে সরকার সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন। এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।