পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানির তোড়ে ঘরের সঙ্গে ভেসে গেছেন রুবেল মিয়া (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। সোমবার (২২ জুন) সকালে উপজেলার বড়দল ইউনিয়নের নতুনহাটি ও পুরানহাটির মাঝের খাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পানিতে ভেসে নিখোঁজ হওয়া রুবেল মিয়া একই গ্রামের বশিরুল হকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার নদ নদীর পানি বৃদ্ধি পায়। এতে বড়দল গ্রামের মাঝের খালটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালে বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ঢলের পানির তোড়ে ভাঙনের কবলে পড়ে। এ সময় রশিরুল হকের পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।
পরিবারের দাবি, ঘরের একপাশে একটি কুটিরের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে রুবেল মিয়াও পানিতে ভেসে যান।
ঘটনার পর গ্রামের লোকজন তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।






