খেলতে গিয়ে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো—উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের মো. জহর আলীর আট বছরের কন্যা জেসমিন খাতুন এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত গোল কাজলের সাত বছরের কন্যা ইসরাত খাতুন।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নূরুল ইসলাম জানান, দুই শিশু বাড়ির পাশের নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। তাদের না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল স্থানীয়দের নিয়ে পদ্মা নদীতে উদ্ধারকাজ শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, বিকেল সাড়ে তিনটার দিকে প্রথমে জেসমিন ও সাড়ে চারটার দিকে ইসরাতকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।







