হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন, দুর্ভোগে যাত্রীরা

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন, দুর্ভোগে যাত্রীরা
ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

Advertisement

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি স্টেশনসংলগ্ন এলাকা পর্যন্ত আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোঁয়া বের হয়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়।

ওসি আকতার হোসেন বলেন, বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করায় চট্টগ্রাম-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর গন্তব্যে যাবে যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেন।

এর আগে এদিন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভূঞাপুর যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে মশাখালীর কাছাকাছি পর্যন্ত আসতেই হঠাৎ ট্রেনের ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় গফরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠিয়ে দুপুর আড়াইটার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

বিষয় :ময়মনসিংহ