
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানিয়ে শুক্রবার (১৯ জুন) রাতে গফরগাঁও থানায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত যুবক আলআমিন একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আলআমিন পথরোধ করে। ধর্ষণের উদ্দেশ্যে টানা-হিঁচড়া করলে শিশুটি দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে সে তার মাকে জানায়।
শিশুটি জানায় তাকে গত বছরের ১৯ ডিসেম্বর ধর্ষণ করেন আলআমিন। তখন ভয়ে সে পরিবারে জানায়নি। সেদিন তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে স্থানীয় একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনসেড ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও আলআমিন ফোনে ধারণ করেন।
ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখানো হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শিশুটিকে আলআমিন নিজের কাছে আসতে বলে এবং বিভিন্ন সময়ে ধর্ষণের উদ্দেশ্যে ডাকে।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে। মেয়েটির সঙ্গে এমন করবে ভাবতেও পারিনি। মানুষরূপী এই জানোয়ারের ফাঁসি দাবি করছি।
শিশুটির ভাই বলেন, একজন মানুষ কোনো শিশুর সঙ্গে এমন জঘন্য আচরণ করতে পারে না। আমার বোনটি সবসময় কান্নাকাটি করছে। এই নরপশুর উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।




