আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
খুলনায় ১১ দলীয় জোটের মহাসমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

তিনি বলেছেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। জনরায়কে উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। প্রয়োজন হলে মাঠে-ময়দানে নতুন জাগরণ সৃষ্টি হবে এবং জনগণই তার নেতৃত্ব দেবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। অতীতে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। ব্যাংক-বীমা ও শেয়ারবাজারে লুটপাট হয়েছে। বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, অতীতে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত জনস্রোতের মুখে তা টিকতে পারেনি। আপনারা ভুল করছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে তার পরিণতি শুভ হবে না।

জামায়াত আমির বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে। সংসদে সমস্যার সমাধান না হলে দেশের বিভিন্ন প্রান্তে গণজাগরণ ও আন্দোলন গড়ে উঠবে।

তিনি বলেন, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করা হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ থাকবে। প্রতিবেশী কোনো দেশ বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর পাশে দেশের মানুষ থাকবে।

জামায়াত আমির বলেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। তবে সেই বিপ্লব কোনো ব্যক্তি, পরিবার বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

বিষয় :খুলনা