মরিচ ক্ষেতে মিলল ১০ ফুটের গাঁজা গাছ

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
মরিচ ক্ষেতে মিলল ১০ ফুটের গাঁজা গাছ
পুলিশের অভিযানে গাঁজার গাছটি উপড়ে থানায় নিয়ে যাওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচক্ষেতে গোপনে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা একটি চরে মরিচক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছটি রোপণ করেন। দীর্ঘদিন পরিচর্যার ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মরিচক্ষেতের ভেতর থেকে বড় আকৃতির গাঁজার গাছটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

জব্দ করা গাঁজা গাছ। ছবি : এশিয়া পোস্ট
জব্দ করা গাঁজা গাছ। ছবি : এশিয়া পোস্ট

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আর কোথাও গাঁজাসহ কোনো ধরনের মাদকদ্রব্যের চাষাবাদ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এএসপি মুনতাসির মামুন বলেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক লাভের আশায় মাদক কারবারিদের প্ররোচনায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।