রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজশাহী নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাতে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে ওই ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান রকি রাজশাহী নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







