‘মাদকের বাড়ি’ ভেঙে গ্রেপ্তার আতঙ্কে লালমতি পাহাড়ের পুরুষরা

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
‘মাদকের বাড়ি’ ভেঙে গ্রেপ্তার আতঙ্কে লালমতি পাহাড়ের পুরুষরা
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার কোটবাড়ি লালমতি পাহাড় এলাকার একটি বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের আখড়া হিসেবে পরিচিত। কিন্তু বাড়িটি ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষকেই মামলায় জড়ানো হচ্ছে। পুরো এলাকায় এখন গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়িটি ভাঙচুর করা হয়। দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের জেরে ওই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে ঘটনার পর পুলিশের অভিযানে অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে পুরুষরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে।

স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম বলেন, আমার ছেলে একজন অটোরিকশাচালক। সে কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। তারপরও গ্রেপ্তারের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরেক বাসিন্দা সাদিয়া সুলতানা হাওয়া বলেন, আমার ভাই এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলেছে। সেটাই কি তার অপরাধ? আমরা চাই প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, নিরীহ মানুষকে হয়রানি না করা হোক।

সাহেলা নামের এক বৃদ্ধা নারী বলেন, আমার নাতি ছোট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালায়। তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। গরিব বলে কি আমাদের কোনো মূল্য নেই?

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তবে এলাকায় পুলিশ গেলে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ১৩ জনকে গ্রেপ্তার করে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনগত উপায়ে সমাধান করতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে ভাঙচুর চালানো অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে এলাকাবাসীর উত্থাপিত মাদক সংক্রান্ত অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

বিষয় :কুমিল্লা