বাজেটে তিস্তার রোডম্যাপের দাবিতে জ্বলল শত শত মশাল

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
বাজেটে তিস্তার রোডম্যাপের দাবিতে জ্বলল শত শত মশাল
জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার তিস্তা সেতুর উত্তর পাশে এ কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’।

সমাবেশকে ঘিরে তিস্তা তীরবর্তী এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। কৃষক, জেলে, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং জাতীয় বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নদীভাঙন, বন্যা ও পানির সংকট নিরসনে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সংগ্রামের সঙ্গে তিস্তা নদী ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু নদীভাঙন, আকস্মিক বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে তিস্তাপাড়ের মানুষ বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যার স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় না থেকে দেশের নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তারা। সমাবেশ শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির সমর্থনে অংশগ্রহণকারীরা মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন। মশালের আলোয় আলোকিত তিস্তাপাড়ে আন্দোলনের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন তারা।

বিষয় :রংপুর