বিইউবিটিতে প্যারেন্টস ডে উদযাপিত

এশিয়া পোস্ট ডেস্ক
বিইউবিটিতে প্যারেন্টস ডে উদযাপিত
বিইউবিটির উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন অভিভাবকরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো প্যারেন্টস ডে।

Advertisement

শনিবার (১৩ জুন) বিইউবিটির ক্যাম্পাসে দিনব্যাপী প্যারেন্টস ডে উদযাপিত হয়।

কর্তৃপক্ষ জানায়, অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি, শ্রেণিকক্ষে উপস্থিতি এবং সামগ্রিক বিকাশ সম্পর্কে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত আলাপচারিতা, হাস্যোজ্জ্বল মুহূর্ত এবং স্মরণীয় সেলফি বিইউবিটি পরিবারের দৃঢ় বন্ধনকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষা একটি সম্মিলিত যাত্রা। আমাদের অভিভাবকদের এত উৎসাহ ও আনন্দের সঙ্গে শিক্ষকদের সঙ্গে সম্পৃক্ত হতে দেখে আমরা অত্যন্ত গর্বিত। বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে এই আন্তরিক যোগাযোগ, পারস্পরিক আস্থা এবং সহযোগিতার সেতুবন্ধনই শিক্ষার্থীদের তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রাণিত করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের আশ্বস্ত করেন, বিইউবিটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকদের উৎসাহী অংশগ্রহণ এবং গঠনমূলক মতামতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়, যা শিক্ষার্থীদের সাফল্য ও একাডেমিক উৎকর্ষ অর্জনের অভিন্ন লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে।