বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট আবারও চালু হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট আগামী ২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৫ জুন) ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এর আগে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হলেও জাপান সরকারের কিছু নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সরাসরি ফ্লাইট চালু করতে দেরি হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, নতুন সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২০ জুন থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা লাভজনক হবে।
এছাড়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের জুলাই থেকে ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর নতুন করে আবারও চালু করার ঘোষণা দিলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।







