ছয় জেলায় সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
ছয় জেলায় সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন (মঙ্গলবার)। এ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

Advertisement

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে। সেই কারণেই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এক আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরের শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ২০০ চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ১৮ হাজার সদস্য সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন। এতে ১০ জনকে আটক করা হয়েছে।