logo
Advertisement

স্বাস্থ্যবিধি অবহেলা, ডমিনোজ পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত

এনডিটিভি
এনডিটিভি
স্বাস্থ্যবিধি অবহেলা, ডমিনোজ পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
ডমিনোস পিৎজা। ছবি: সংগৃহীত

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির একাধিক নিয়ম অমান্য করায় মহারাষ্ট্রে ‘ডমিনোজ পিৎজা’র ৪টি শাখার ব্যবসায়িক লাইসেন্স স্থগিত করেছে রাজ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। স্থগিত হওয়া শাখাগুলোর মধ্যে ৩টিই মুম্বাইয়ের। জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস পরিচালিত আউটলেটগুলোতে সম্প্রতি পরিচালিত এক অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।

এফডিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লাইসেন্স স্থগিত হওয়া মুম্বাইয়ের ৩টি আউটলেট হলো— ভিলে পার্লে (পশ্চিম), বোরিভালি (পশ্চিম), আর-সিটি মল ঘাটকোপার (পশ্চিম)। এছাড়া সতারা জেলার কারাদের মালকাপুর আউটলেটটির লাইসেন্সও স্থগিত করা হয়েছে।

গত ১০ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে মহারাষ্ট্রজুড়ে পরিচালিত এক বিশেষ অভিযানের পর এ প্রশাসনিক সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সংস্থাটির প্রতিবেদনে জুবিল্যান্ট ফুডওয়ার্কস পরিচালিত ডমিনোসের আউটলেটগুলোতে যেসব ঘাটতিগুলো চিহ্নিত করা হয়, সেগুলো হলো— পার্লে আউটলেটে নিরাপদ খাবার পানি, বরফ ও খাদ্য সংরক্ষণের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের অভাব এবং হাত ধোয়ার অপর্যাপ্ত ব্যবস্থা।

ঘাটকোপার আউটলেটে পেস্ট কন্ট্রোল বা পোকা-মাকড় নিয়ন্ত্রণের নথিপত্র না থাকা, ব্যবহৃত পাত্রের ‘ফুড-গ্রেড’ সনদের অভাব এবং খাবার ও পানির ল্যাব টেস্টের রেকর্ডে ঘাটতি পাওয়া গেছে। মালকাপুর আউটলেটে অবকাঠামোগত ত্রুটি, সরঞ্জামাদির অব্যবস্থাপনা এবং চরম নোংরা পরিবেশ পাওয়া গেছে।

অন্যদিকে, সাতারা জেলার কারাদে অবস্থিত সেফায়ার ফুডসের আউটলেটে নিরামিষ বা ভেজিটেরিয়ান ও আমিষ বা নন-ভেজিটেরিয়ান খাদ্য প্রস্তুতকরণের পৃথক ব্যবস্থা বা আলাদা ওভেন ছিল না। এছাড়া ব্যবহৃত সস ও টপিংয়ের প্যাকেটে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।

মহারাষ্ট্র জুড়ে খাদ্য নিরাপত্তা জোরদারে এফডিএ’র এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।